সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জামায়াত নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ দাবি জানান। রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে শিশির মনির অভিযোগ করেন, হামলার সময় রাহেদুল ইসলাম রঞ্জু নিজের পরিচয় একাধিকবার দেওয়ার পরও তাকে মারধর করা হয়েছে। এমনকি তাকে সেখান থেকে বের করে নিয়ে রড দিয়ে পেটানো হয় বলে জানান তিনি।
এ ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধের অভিযোগ তুলে শিশির মনির বলেন, দ্রুত মামলা করে অভিযুক্তকে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে ঘটনার বিস্তারিত তথ্য ও অভিযুক্তের পরিচয় জনসমক্ষে তুলে ধরার আহ্বান জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই আইনজীবী। তাঁর ভাষ্য, সুপ্রিম কোর্টের একজন আইনজীবী যদি হামলার শিকার হয়ে বিচার না পান, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তৈরি হবে। এ ধরনের ঘটনা বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট হেলাল উদ্দিনও বক্তব্য দেন। তিনি রবিউল ইসলাম নয়নকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
এ ছাড়া বক্তব্য দেন জামায়াত নেতা অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, অ্যাডভোকেট গোলাম রহমান ও অ্যাডভোকেট সাইফুর রহমানসহ অন্যান্য আইনজীবীরা। বক্তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান।
সদ্য সংবাদ/এসএস