গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তাঁর ভাষ্য, ঘটনার ছবি ও ভিডিওতে যাদের হাতে অস্ত্র দেখা গেছে, তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে এবং বিচারের মুখোমুখি করা হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, গোপালগঞ্জের ঘটনা সংসদেও আলোচনায় এসেছে। সরকার কোনো ধরনের নাশকতা ও সহিংসতা বরদাশত করবে না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল, সমাবেশ বা সভা আয়োজন বেআইনি। এর বাইরে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং রাজনৈতিক নেতাকর্মীদের বাড়িতে হামলার মতো ঘটনাও গ্রহণযোগ্য নয়।
তিনি জানান, গোপালগঞ্জে যৌথবাহিনী কাজ করছে। সহিংসতায় অংশ নেওয়া এবং অস্ত্র হাতে যাদের দেখা গেছে, তাদের শনাক্ত করে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব পালনের সময় সংযত থাকার নির্দেশনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, আইন অনুযায়ী পুলিশের বলপ্রয়োগের ক্ষমতা থাকলেও তা পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। প্রয়োজনের অতিরিক্ত শক্তি প্রয়োগ করা উচিত নয়। সরকার চায়, কম হতাহতের মধ্য দিয়ে পুলিশ দায়িত্ব পালন করুক।
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘নন-পলাতক আওয়ামী লীগ’ প্রসঙ্গে তিনি বলেন, পলাতক নেতাদের উসকানিতে দেশে অবস্থানরত কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তার দায় তাকেই নিতে হবে। এ ধরনের কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের এর পরিণতি ভোগ করতে হবে।
আগামী ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ঢাকায় এ কর্মসূচি বড় ধরনের প্রভাব ফেলবে বলে সরকার মনে করছে না। দেশের অন্যান্য স্থানেও বড় কোনো সমস্যা হওয়ার আশঙ্কা দেখছে না সরকার।
গোপালগঞ্জের ঘটনায় পুলিশ সুপার ও জেলা প্রশাসককে প্রত্যাহারের বিষয়ে উপদেষ্টা বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের ঘাটতি বা ব্যর্থতা থাকলে সেখানে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে প্রত্যাহার মানেই সংশ্লিষ্ট কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে দায়িত্বে ব্যর্থ হয়েছেন, এমন নয়।
সহিংসতার সময় পুলিশের ভূমিকা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ অপরিহার্য প্রতিষ্ঠান। তবে তাদের এমনভাবে দায়িত্ব পালন করতে হবে, যাতে প্রয়োজনীয় কাজটি সবচেয়ে কম বলপ্রয়োগ ও হতাহতের মধ্য দিয়ে সম্পন্ন করা যায়। গোপালগঞ্জের পরিস্থিতি মোকাবিলায় সরকারের কৌশল সঠিক ছিল বলেও দাবি করেন তিনি।
সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক সম্পৃক্ততা এবং নজরদারি নিয়ে এক প্রশ্নের উত্তরে জাহেদ উর রহমান বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে সরকারের পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের কার্যক্রমের বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়। সরকারি কর্মচারীদের অতীতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠতা থাকাকে তিনি এক বিষয় হিসেবে উল্লেখ করেন। তবে দায়িত্ব পালনরত অবস্থায় রাজনৈতিক সম্পৃক্ততা উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি জানান, আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও পরবর্তী অবস্থা নিয়ে এখনো নতুন কোনো তথ্য নেই। বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, আপাতত এ ধরনের সফরের সম্ভাবনা নেই। চুক্তি নিয়ে আলোচনা বা সমঝোতার সঙ্গে প্রধানমন্ত্রীর সফরকে সরাসরি সম্পর্কিত করে দেখার সুযোগ নেই। দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে চুক্তি স্বাক্ষরের সুযোগ থাকলেও এ ধরনের বিষয় সাধারণত আগেই চূড়ান্ত করা হয়।
সদ্য সংবাদ/এজে