মোবাইল অপারেটরদের জন্য নতুন শর্ত আরোপ করল অর্থ মন্ত্রণালয়

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৬ ১৫:১৬:২৮
ছবি: সংগৃহীত

মোবাইল ফোন অপারেটরদের তরঙ্গ নবায়নের অর্থ কিস্তিতে পরিশোধের ক্ষেত্রে সুদ আরোপের সিদ্ধান্তে নতুন জটিলতা তৈরি হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের শর্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে পুরো অর্থ পরিশোধ না করলে কিস্তির সঙ্গে সুদও দিতে হবে। এতে তরঙ্গ নবায়নে মোট ব্যয় দাঁড়াতে পারে ২৯ হাজার ১৩২ কোটি ৩৭ লাখ টাকা। এর মধ্যে সুদের পরিমাণই প্রায় ৭ হাজার ৮৯৪ কোটি টাকা।

গত ১২ নভেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ শর্তের কথা জানানো হয়। বিষয়টি সামনে আসার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কয়েক দফা আলোচনা হয়েছে।

সোমবার মোবাইল অপারেটরগুলোর প্রধান নির্বাহীরা টেলিযোগাযোগ মন্ত্রণালয়সংক্রান্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তারা জানান, গত ২০ থেকে ২৫ বছর ধরে তরঙ্গের মূল্য কিস্তিতে পরিশোধের সুযোগ থাকলেও এ জন্য কখনো সুদ দিতে হয়নি। নতুন শর্ত কার্যকর হলে অপারেটরদের ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

মোবাইল নেটওয়ার্ক পরিচালনায় ব্যবহৃত ৯০০, ১ হাজার ৮০০ ও ২ হাজার ১০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গের বর্তমান মেয়াদ গত ১০ নভেম্বর শেষ হয়েছে। আগামী ২০ বছরের জন্য এসব ব্যান্ডের মোট ৭৯ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গ নতুন করে বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ প্রক্রিয়ায় অংশ নেওয়ার কথা গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত মাসে তরঙ্গের নতুন মূল্য নির্ধারণ করে একটি প্রস্তাব পাঠায়। এতে প্রতি মেগাহার্টজ ৯০০ ব্যান্ডের দাম ৩১৬ কোটি টাকা, ১ হাজার ৮০০ ব্যান্ডের ২৬৪ কোটি টাকা এবং ২ হাজার ১০০ ব্যান্ডের ২২৯ কোটি টাকা নির্ধারণের সুপারিশ করা হয়। প্রস্তাবিত দরে তরঙ্গ বরাদ্দ দেওয়া হলে সরকারের রাজস্ব আয় ২০ থেকে ২১ হাজার কোটি টাকা হতে পারে বলে জানিয়েছিল বিটিআরসি।

টেলিযোগাযোগ মন্ত্রণালয় প্রস্তাবটি অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠালে মূল্য পরিশোধের পদ্ধতি নিয়ে নতুন শর্ত যুক্ত হয়। অর্থ মন্ত্রণালয়ের অনুমতিপত্রে বলা হয়েছে, তরঙ্গের মূল্য এককালীন পরিশোধে সরকার উৎসাহিত। তবে কিস্তিতে অর্থ দেওয়ার সুযোগ থাকলে প্রথম এক বছরের মধ্যে সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে হবে। তা না হলে তৃতীয় কিস্তি থেকে প্রতিটি কিস্তির ওপর ৯০ দিন মেয়াদি সরকারি ট্রেজারি বিলের সুদ প্রযোজ্য হবে। বর্তমানে এ সুদের হার ৮ দশমিক ১১ শতাংশ।

অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, ৭৯ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গের মূল দাম ২১ হাজার ২৩৮ কোটি টাকা। কিস্তিতে পরিশোধের ক্ষেত্রে সুদ যুক্ত হলে মোট অর্থের পরিমাণ বেড়ে দাঁড়াবে ২৯ হাজার ১৩২ কোটি ৩৭ লাখ টাকা।

প্রস্তাবিত কিস্তি পরিকল্পনায় প্রথম দুই কিস্তিতে প্রতিবার ১ হাজার ৭৬৯ কোটি ৮৩ লাখ টাকা করে পরিশোধ করতে হবে। এরপর তৃতীয় কিস্তির পরিমাণ সুদসহ ৩ হাজার ২০৫ কোটি টাকা এবং চতুর্থ কিস্তি ৩ হাজার ৬১ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। ১০ বছর পর ১২তম ও শেষ কিস্তিতে পরিশোধ করতে হবে ১ হাজার ৯১৩ কোটি ৩৭ লাখ টাকা।

এদিকে তরঙ্গ নবায়নের জন্য অপারেটরদের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছ থেকে ভ্যাট, কর ও সিম ট্যাক্সসংক্রান্ত কোনো বকেয়া নেই—এমন সনদও জমা দিতে হবে। অর্থ মন্ত্রণালয়ের এই শর্ত ও অতিরিক্ত সুদের ব্যয় নিয়ে অপারেটরদের উদ্বেগের মধ্যে তরঙ্গ নবায়নের পরবর্তী প্রক্রিয়া কোন পথে এগোয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. গ্রেপ্তারের পর এসআরবি থেকে ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন সদ্য. মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে দিলেন যুবদল নেতা নয়ন সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. গ্রেপ্তারের পর এসআরবি থেকে ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন সদ্য. মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে দিলেন যুবদল নেতা নয়ন সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ