গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সম্পাদক নুসরাত তাবাসসুম। আগুন লাগার প্রকৃত কারণ নিয়ে সংশয় প্রকাশ করে তিনি জানতে চেয়েছেন, এটি শর্টসার্কিট থেকে সৃষ্ট দুর্ঘটনা, নাকি পরিকল্পিত অগ্নিসংযোগ। একই সঙ্গে এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার অভিযোগ তোলা হবে কি না, সে প্রশ্নও রেখেছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি বেসরকারি টেলিভিশনের ফটোকার্ড শেয়ার করে দেওয়া পোস্টে এসব মন্তব্য করেন নুসরাত তাবাসসুম।
পোস্টে এসএম জিলানীকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘জিলানী সাহেব, আমার ভাই আপনি। আপনার মনের অবস্থা বুঝতে পারছি। সহানুভূতি জানাচ্ছি।’
এরপর অগ্নিকাণ্ডের কারণ নিয়ে প্রশ্ন তুলে নুসরাত তাবাসসুম লেখেন, ঘটনাটি শর্টসার্কিটের কারণে ঘটেছে, নাকি পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে, তা পরিষ্কার হওয়া প্রয়োজন। ঘটনার সময় সেখানে মানুষ উপস্থিত ছিলেন কি না, আগুন দুর্ঘটনাবশত লেগেছে নাকি কেউ ইচ্ছাকৃতভাবে লাগিয়েছে—এসব বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।
পোস্টে তিনি আরও লেখেন, ‘কিন্তু সাবধানতা, মন শক্ত করেন। হতেও পারে আগামীকাল সংসদে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব এগুলো বলবেন! না-ও হতে পারে। আপনি তো আর বিরোধী দল না!’
সবশেষে অগ্নিকাণ্ডের ঘটনাকে আওয়ামী লীগের নাশকতা হিসেবে উল্লেখ করা হবে কি না, সেই প্রশ্ন তুলে নুসরাত তাবাসসুম লেখেন, ‘কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখনো কি বলা যাবে না এগুলো আওয়ামী নাশকতা? নাকি এখনো কেমিক্যাল আর শর্টসার্কিটের গল্প খুঁজবে আপনার সরকার?’
সদ্য সংবাদ/ এআর