খুলনায় টুঙ্গিপাড়া পরিবহনের একটি বাস ও কাউন্টার থেকে কালো কালি ও স্প্রে দিয়ে ‘টুঙ্গিপাড়া’ নাম মুছে দিয়েছেন কয়েকজন যুবক। স্থানীয় যুবদল নেতা শাহরিয়ার হোসেন মাসুমের নেতৃত্বে ৮ থেকে ১০ জন যুবক এ কাজ করেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে নগরের ফুলবাড়ীগেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টা ১০ মিনিটের দিকে মাসুমের নেতৃত্বে ৮ থেকে ১০ জন যুবক টুঙ্গিপাড়া পরিবহনের কাউন্টারের সামনে যান। প্রথমে তাঁরা কাউন্টারে লেখা ‘টুঙ্গিপাড়া’ নাম মুছে দেন। এরপর সেখানে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাসের গায়ে লেখা একই নাম কালো স্প্রে দিয়ে ঢেকে দেন।
কাউন্টারের টিকিট বিক্রেতা রকি হাওলাদার বলেন, কয়েকজন যুবক এসে টুঙ্গিপাড়া নাম মুছে দিয়ে চলে গেছেন। তবে তাঁরা কোনো ভাঙচুর করেননি কিংবা কারও সঙ্গে দুর্ব্যবহার করেননি।
এ বিষয়ে খুলনা মহানগর যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম রুবেল বলেন, আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। তবে কোনো ধরনের হঠকারী কর্মকাণ্ডে জড়াতে নিষেধ করা হয়েছে। শাহরিয়ার হোসেন মাসুম যুবদলের কোনো পদে নেই। বিষয়টি তাঁরা রাজনৈতিকভাবে মোকাবিলা করবেন।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
সদ্য সংবাদ/ এআর