চট্টগ্রামের মিরসরাইয়ে বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রায় দুই হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ সময় চোখের অস্ত্রোপচারের জন্য ২০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। পাশাপাশি পাঁচ শতাধিক রোগীকে বিনা মূল্যে চশমা এবং এক লাখ টাকার বেশি মূল্যের ওষুধ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বারইয়ারহাট পৌরসভার শেফা ইনসান হাসপাতালে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ কার্যক্রমের উদ্যোগ নেন শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. এস এ ফারুক। সহযোগিতায় ছিল লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই ও লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল, চট্টগ্রাম। ক্যাম্পে পাঁচজন চিকিৎসক রোগীদের সেবা দেন।
আয়োজক সূত্রে জানা যায়, চোখের বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের পাশাপাশি ক্যাম্পে আসা রোগীদের ডায়াবেটিস ও রক্ত পরীক্ষার ব্যবস্থাও ছিল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে—এমন ২০০ রোগীকে বাছাই করা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার অংশ হিসেবে পাঁচ শতাধিক মানুষের হাতে চশমা তুলে দেওয়া হয়। রোগীদের মধ্যে বিতরণ করা হয় প্রয়োজনীয় ওষুধও।
ক্যাম্পে উপস্থিত ছিলেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী, কমফোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান নিজাম উদ্দিন এবং মসজিদটির সাবেক খতিব মাওলানা আবু তৈয়বসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্যোক্তা প্রফেসর ডা. এস এ ফারুক বলেন, আর্থিক সংকটের কারণে কেউ যেন প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই তিনি দীর্ঘদিন ধরে এ উদ্যোগ চালিয়ে আসছেন। গত ১২ বছর ধরে মিরসরাইয়ে নিয়মিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করছেন তিনি। শুধু চোখের চিকিৎসাই নয়, রোগীদের প্রয়োজন বিবেচনায় বিভিন্ন পরীক্ষা, চশমা ও ওষুধ দেওয়ার ব্যবস্থাও রাখা হয়।
তিনি আরও জানান, মিরসরাইয়ের পাশাপাশি ফটিকছড়ির দাঁতমারায়ও গত ছয় বছর ধরে একই ধরনের মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবায় এ উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সদ্য সংবাদ/এজে