সুনামগঞ্জের ধর্মপাশায় ইজিবাইক দুর্ঘটনায় ফারজানা আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের দেওয়ানগঞ্জ মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারজানা আক্তার ওই ইউনিয়নের সুনই গ্রামের সামাল শাহের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে কয়েকজনের সঙ্গে বেরিকান্দি গ্রামে দাওয়াত খেতে যান ফারজানা। অনুষ্ঠান শেষে বিকেলে অন্যদের সঙ্গে ইজিবাইকে করে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। পথে দেওয়ানগঞ্জ মাদ্রাসা মোড়ে পৌঁছে মোড় ঘোরানোর সময় চালক ইজিবাইকের নিয়ন্ত্রণ হারান। এতে যানটি উল্টে গেলে ফারজানা গুরুতর আহত হন।
পরে তাঁকে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের বরাতে পুলিশ জানিয়েছে, মাথার ভেতরে রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন দুর্ঘটনায় নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সদ্য সংবাদ/এজে