মাগুরার মহম্মদপুরে পরিবেশদূষণ ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত করার অভিযোগে তিনটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ‘মেসার্স নাবা ব্রিকস’, ‘মেসার্স নদী ব্রিকস’ ও ‘মেসার্স সীমান্ত ব্রিকস’-এর উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় পূর্বের নিষেধাজ্ঞা অমান্য করে ভাটা চালু রাখার দায়ে সীমান্ত ব্রিকসের ব্যবস্থাপককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার জাঙ্গালিয়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে গঠিত দল এতে অংশ নেয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিব। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম এবং পরিবেশ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তোতা মিয়া উপস্থিত ছিলেন।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, নাবা ব্রিকস ও নদী ব্রিকসের বৈধ লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছিল না। ভাটা দুটিতে ফসলি জমির উপরিভাগের মাটি ব্যবহার এবং কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর অভিযোগও পাওয়া যায়। এসব অনিয়মের কারণে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ভাটাগুলোর জ্বলন্ত চুল্লি নিভিয়ে দেওয়া হয়। এর আগে পরিবেশ অধিদপ্তর থেকে ভাটা দুটির কার্যক্রম বন্ধের জন্য একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল।
অন্যদিকে, সীমান্ত ব্রিকসের বিরুদ্ধে আগের নির্দেশনা অমান্য করে পুনরায় উৎপাদন চালানোর অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়। গত ১০ নভেম্বর একই ভাটায় অভিযান চালিয়ে কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছিল প্রশাসন। কিন্তু সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভাটা চালু রাখায় সোমবারের অভিযানে এর ব্যবস্থাপককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়ার উপস্থিতিতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর আওতায় এ দণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে তিনটি ইটভাটার উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি মালিকপক্ষকে পুনরায় কার্যক্রম শুরু না করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিব বলেন, কৃষিজমি ও পরিবেশের সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। নিয়মবহির্ভূতভাবে ভাটা পরিচালনার ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
সদ্য সংবাদ/এজে