জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা ও সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে অভিযোগ তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন তাঁর সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, “অপরাধীর কোনো দল নেই, মত নেই। অপরাধী যে-ই হোক, তার অপরাধ প্রমাণিত হলে তাকে বিচারের আওতায় নিয়ে আসব।”
পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, তাঁদের সম্পর্কে তথ্য-উপাত্ত সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলার পর প্রাথমিক তথ্যের ভিত্তিতে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি বিস্তারিত তদন্তের জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে জানিয়ে উপাচার্য বলেন, কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তদের সম্পৃক্ততার বিষয়টি বিশ্লেষণ করা হবে। নৈরাজ্য ও নাশকতার সঙ্গে কারও জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় থেকে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে উপাচার্য জানান, ওই ঘটনায় ছাত্রলীগের অর্থ সম্পাদক আটক হয়েছেন এবং বিস্ফোরক আইনে গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় পাওয়া তথ্য-উপাত্তে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা ও শিক্ষার্থীর সম্পৃক্ততার বিষয়টিও উঠে এসেছে।
অতীতে ক্যাম্পাসে নির্যাতন, জুলুম ও শিক্ষার্থীদের অধিকার হরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার বিষয়ে উপাচার্য বলেন, ফ্যাসিবাদী সময়ে যাঁরা মানুষের অধিকার হরণ করেছেন এবং অন্যের ওপর অত্যাচার-জুলুম করেছেন, তাঁদের বিচারের দাবি তাঁদের অন্যতম লক্ষ্য।
তবে ভিন্নমতের কারণে কেউ যেন বিশ্ববিদ্যালয়ে নিগ্রহের শিকার না হন, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি। উপাচার্য বলেন, “শুধুমাত্র ভিন্নমতের কারণে এখানে যেন কেউ নিগ্রহের শিকার না হন, আমরা সেই বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দেব। শিক্ষা ও গবেষণার সুস্থ পরিবেশ নিশ্চিত করতে চাই।”
এ সময় ক্যাম্পাসের সব ছাত্রসংগঠনের নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান উপাচার্য। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তথ্য-প্রমাণসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উপস্থাপনের পরামর্শ দিয়ে তিনি বলেন, তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, পুলিশের গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় স্থাপনায় হামলার ঘটনা উল্লেখ করে উপাচার্য বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশের স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টা চলছে। এর ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
সামনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, সমাবর্তন এবং ২৪ নভেম্বর সেন্ট্রাল জব ফেয়ারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আয়োজন রয়েছে উল্লেখ করে তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, ছাত্রসংগঠন ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। জাতীয় প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ বজায় রাখা এবং সার্বিক কার্যক্রম পরিচালনায় সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
সদ্য সংবাদ/ এআর